টেকনাফে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টেকনাফ ব্যাটালিয়নের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই মঙ্গলবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সৈনিক ও কর্মকর্তাদের নিয়ে দরবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম, ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাজমুস সাদাতসহ সংশ্লিষ্ট বিওপির কোম্পানি কমান্ডাররা।
সন্ধ্যা ছয়টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন, স্থলবন্দরের অপারেশন কর্মকর্তা আবু নুর খালিদ, বন বিভাগের সহকারী বনসংরক্ষক রেজাউল করিম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, ৪২ বিজিবির কর্মকর্তা ও জওয়ানরা জীবনের বাজি রেখে সীমান্ত এলাকায় ইয়াবা, চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র ও রোহিঙ্গা অনুপ্রবেশসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করছেন। নিজের জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়েজিত থাকেন তাঁরা।
—টেকনাফ প্রতিনিধি