টেকনাফে বিদেশি নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার ডোনাল্ড ফ্রান্সিস ডানভার (৬২) নামে কানাডার এক নাগরিককে আটক করেছে বিজিবি।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে বিজিবির দমদমিয়া তল্লাশি চৌকির সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মাইক্রোবাস থেকে সন্দেহভাজন একজন বিদেশি নাগরিককে আটক করে। পরে তাঁকে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তি মিয়ানমার যাওয়ার জন্য টেকনাফে আসেন।
বিজিবি জানায়, ওই বিদেশি নাগরিকের কাছ থেকে কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি পাসপোর্ট, ৪৭টি বিভিন্ন ধরনের পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যার দিকে ডোনাল্ড ফ্রান্সিস ডানভারকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। গাড়ির চালককে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ডোনাল্ড ফ্রান্সিস ডানভার নিজেকে পর্যটক বলে দাবি করেছেন।
লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, অবৈধভাবে মিয়ানমার যাওয়ার চেষ্টা করায় ওই বিদেশি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, বিজিবি একজন বিদেশি নাগরিককে থানায় সোপর্দ করেছে। তাঁর পাসপোর্ট ও কাগজপত্র যাচাইবাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।