টেকনাফে বিদেশি মদ ও ইয়াবা বড়িসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা গত রোববার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে দমদমিয়া বিওপির নায়েক সুবেদার আবদুল হালিমের নেতৃত্বে বিজিবির জওয়ানরা টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় এক হাজার ১০৪ বোতল বিয়ার ও ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়। একই দিন দুপুরের দিকে টেকনাফ সদর সীমান্ত ফাঁড়ির (বিওপি) নায়েক সুবেদার সফিকুর রহমানের নেতৃত্বে বিজিবির জওয়ানরা নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৯৯৬টি ইয়াবা বড়িসহ মোহাম্মদ ইউনুছ (২০) নামের এক পাচারকারীকে আটক করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিন পাচারকারী পালিয়ে যায়। তাদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি ছিল বলে ধারণা করা হচ্ছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া জানান, ইউনুছকে পুলিশে সোপর্দ করা হয়েছে।