টেকনাফে বিদ্যুৎ বিতরণে বৈষম্যের অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকেরা লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। উপরন্তু দুটি সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন গ্রাহকেরা। দিনের অধিকাংশ সময় ৩ নম্বর সঞ্চালন লাইনে বিদ্যুৎ থাকে না। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় গ্রাহকেরা জানান, ৩ নম্বর সঞ্চালন লাইনের আওতায় ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন, প্রাণিসম্পদ হাসপাতাল, কয়েকটি হিমাগার এবং কয়েকটি মাঝারি শিল্পপ্রতিষ্ঠান থাকলেও এখানকার চেয়ে ২ নম্বর সঞ্চালন লাইনে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তাঁদের অভিযোগ, ২ নম্বর সঞ্চালন লাইনের আওতায় স্থানীয় সাংসদ, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের বাড়িঘর থাকায় ওই লাইনে বেশি বিদ্যুৎ দেওয়া হচ্ছে। প্রায় এক বছর ধরে বিদ্যুৎ বিতরণে এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।টেকনাফ পৌরসভার পল্লানপাড়া জসিম উদ্দিন ও ইসলামাবাদ এলাকার মোহাম্মদ ইলিয়াস বলেন, ৩ নম্বর সঞ্চালন লাইনের আওতাধীন পৌরসভার পল্লানপাড়া, ইসলামাবাদ এলাকায় দিনে দুই ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয় না। অথচ ২ নম্বর সঞ্চালন লাইনে দিনের ১৮ থেকে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে।পল্লানপাড়ার বাসিন্দা হাসান আলী বলেন, ‘আমরা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ পাই।’স্থানীয় সাংবাদিক নুরুল হক বলেন, লোডশেডিংয়ের ফলে বাড়িঘর ও অফিস-আদালতের কাজকর্মে বিঘ্ন ঘটছে। ৩ নম্বর সঞ্চালন লাইনে বেশি বিদ্যুৎ লাগে—এমন অজুহাতে লাইনটি অধিকাংশ সময় লোডশেডিংয়ে রাখা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আয়াত উল্লাহ বলেন, লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। রোগীরা কষ্ট পাচ্ছে। অনেক সময় শ্বাসকষ্টের রোগীদের নেবুলাইজার দিতে হয়। বিদ্যুতের অভাবে যথাযথ চিকিৎসা দিতে না পারায় অনেক শিশু অকালে মারা যায়।৩ নম্বর সঞ্চালন লাইনের আওতাধীন টেকনাফ শুল্ক স্টেশন কার্যালয়ের কাস্টমস সুপার আনোয়ার মাসুম বলেন, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কার্যালয়ে বসে কাজ করা দুরূহ হয়ে পড়েছে।পল্লী বিদ্যুৎ সমিতি টেকনাফের মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন পৌর এলাকার পল্লানপাড়া, ইসলামাবাদ, বাহারছড়া ইউনিয়ন এবং সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে কম বিদ্যুৎ সরবরাহের কথা স্বীকার করে বলেন, ‘সমিতির ৩ নম্বর সঞ্চালন লাইন চালু রাখতে বেশি বিদ্যুতের প্রয়োজন হয়, আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাই না, যে কারণে ওই এলাকায় গ্রাহকেরা কিছুটা কম বিদ্যুৎ পাচ্ছেন।’তিনি আরও বলেন, ‘আমাদের চাহিদা সাড়ে চার মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যায় মাত্র দেড়-দুই মেগাওয়াট। এ কারণে পালা করে লোডশেডিং করতে হয়।’