টেকনাফে বিশুদ্ধ পানির সংকট, দুর্ভোগ
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। লবণাক্ত পানি ঢুকে অধিকাংশ নলকূপ অকেজো হয়ে পড়ায় খাওয়া ও গৃহস্থালির কাজে ব্যবহারের পানি সংগ্রহ করতে এই এলাকার প্রায় ৩০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌর এলাকার সাইড পাড়া, চৌধুরী পাড়া, উত্তর জালিয়া পাড়া, মধ্যম জালিয়া পাড়া, দক্ষিণ জালিয়া পাড়া, কুলাল পাড়া, কলেজ পাড়া, নাইট্যংপাড়া, কায়ুকখালীয়া, টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া, শিলবনিয়া পাড়া, নাজির পাড়া, মৌলভী পাড়া, সাবরাং ইউনিয়নের মণ্ডল পাড়া, বাজার পাড়া, পানছড়ি পাড়া, ঘোলা পাড়া, দক্ষিণ পাড়া ও পশ্চিম পাড়াসহ ১৯টি গ্রামের বহু নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। এসব গ্রামের লোকজন দুই-তিন কিলোমিটার দূরের কয়েকটি নলকূপ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করছে।জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে নাফ নদের বেড়িবাঁধ ভেঙে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ার-ভাটার পানি ঢুকে ওই সব এলাকার নলকূপ ও পাতকুয়াগুলোর পানি লবণাক্ত হয়ে পড়েছে। অনেক নলকূপ অকেজো হয়ে গেছে। নতুন করে নলকূপ বসিয়েও বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলম জানান, উপকূলীয় এলাকার সাধারণ মানুষ পুকুর ও খালের পানি পান করে পেটের নানা পীড়ায় ভুগছে। ডায়রিয়া, জন্ডিসসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ পৌর এলাকাসহ বিভিন্ন এলাকার বিশুদ্ধ পানির তীব্র সংকটের কথা তুলে ধরে জানান, পানি শোধনাগার স্থাপনের একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফাইলবন্দী রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে জানান, উপজেলার অধিকাংশ এলাকায় প্রতিবছর খাওয়ার পানির সংকট দেখা দেয় এবং চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে উপজেলার কিছু গ্রামে পানির স্তর অনেক গভীরে নেমে যাওয়াই এ সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এ জন্য দেশি-বিদেশি পর্যটক ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব। পানীয় জলের সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশলীর মাধ্যমে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।