টেকনাফে বিহারের জমি দখলের চেষ্টা
কক্সবাজারের টেকনাফে একটি বৌদ্ধ বিহারের জমি দখলের জন্য প্রভাবশালী একটি মহল বৌদ্ধ ধর্মাবলম্বীদের হয়রাণি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ প্রভাবশালীদের সহায়তা করছে বলেও অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ এলাকার আলীখালী রোডে প্রায় ১১ একর জমির ওপর ২০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহারটির নাম সেন প্রু ক্যাং। এই বিহারে ২০টি মূর্তি ছিল। ২০১০ সাল থেকে এলাকার একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বিহারের জমি দখলের পাঁয়তারা শুরু করে।বিহার কমিটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট অব্যাহত রেখেছে। ধারাবাহিকভাবে তারা বিহারের ২০টি মূর্তি চুরি করে নিয়েছে। কাঠের তৈরি বিহারের বিভিন্ন উপকরণ ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। বিহার কমিটির সাধারণ সম্পাদক ক্য জ অং বলেন, সর্বশেষ ২ ও ৬ ফেব্রুয়ারি বিহারে মূর্তি ভাঙচুর এবং ভিক্ষু ও উপাসকদের মারধর করা হয়েছে। ২ ফেব্রুয়ারির ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় চুরি হওয়া মূর্তি উদ্ধার করে টেকনাফ থানায় লিখিতভাবে জানানো হয়। কিন্তু টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া মূর্তি ইউনিয়ন পরিষদে সংরক্ষিত থাকার পরও তদন্ত না করে ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি আরও অভিযোগ করেন, এসআই আবদুল বাতেন অভিযুক্ত প্রভাবশালীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঘটনা ধামাচাপা দিচ্ছেন। আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা আতঙ্কে বিহারে যেতে পারছেন না।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সাংসদ মো. আলী, তাঁর ছোট ছেলে রাশেদ মোহাম্মদ আলী ও মিয়ানমারের নাগরিক উকুশালার নেতৃত্বে এই জমি দখলের প্রক্রিয়া চলছে। তবে রাশেদ মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এলাকায় আমার বাবার ইমেজ নষ্ট করার পাশাপাশি বড় ভাইয়ের আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার খবরে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে।’টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রণজিৎ বড়ুয়া বলেন, বিহারের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, বৌদ্ধ বিহারের ঘটনাটি তদন্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।অভিযোগ তদন্তে গাফিলতি ও ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে এসআই আবদুল বাতেনকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘টাকা দিয়ে পোস্টিং নিয়ে এখানে এসেছি, তাই টাকা (ঘুষ) নিয়েছি। সাহস থাকলে আমার সামনে এসে কেউ বলুক যে টাকা নিয়েছি।’