টেকনাফে বুনো হাতির হামলায় শিশুর মৃত্যু
কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে শামসুদ্দিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের সোলতান আহমদের ছেলে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাইল্ল্যারছড়া পাহাড়সংলগ্ন উত্তর শীলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
হাতির আক্রমণে আহত হয়েছে দুই শিশু। তারা হলো মো. বেলাল (১৪) ও নুরুল আলম (১৩)। বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও নুরুল আলমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে বন্য হাতির দল খাদ্যের সন্ধানে বাইল্ল্যারছড়া পাহাড়ের পাদদেশে নেমে আসে। এ সময় সেখানে জুমচাষের ফসল পাহারা দেওয়ার কাজে নিয়োজিত এ তিন শিশু ঘুমিয়ে ছিল। ফলে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শামসুদ্দিন। হাতির শুঁড়ের আঘাতে গুরুতর আহত হয় মো. বেলাল ও নুরুল আলম। পরে তাদের চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন জড়ো হয়ে হতাহত শিশুদের উদ্ধার করেন।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, এ ঘটনায় একজন নিহত হলেও আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম ও কক্সবাজার ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।