টেকনাফে বৃষ্টিতে গলে গেছে দুই কোটি টাকার লবণ-ইট
কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে গলে গেছে প্রায় দুই কোটি টাকার লবণ ও ইট। এতে বিপাকে পড়েছেন স্থানীয় চাষি ও ইটভাটার মালিকেরা।
গতকাল ভোররাত ও সকালে টানা আধা ঘণ্টার বৃষ্টিতে টেকনাফের বিভিন্ন এলাকার লবণ মাঠ ও ইটভাটার ক্ষতি হয়। চলতি মৌসুমে উপজেলায় লবণের ভালো ফলন হয়েছে। ভালো দাম ওঠার অপেক্ষায় মাঠে খোলা আকাশের নিচে রাখা ছিল উৎপাদিত লবণ।
বিসিক সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় পাঁচ হাজার ৩০০ একর জমিতে লবণের চাষ হয়। গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে আগেভাগে লবণের চাষ শুরু করা হয়।
সাবরাং আছারবনিয়ার লবণচাষি আজিজুল হক ও হ্নীলার লেদার লবণচাষি আলী আহমদ বলেন, মৌসুমের প্রথম দিকে প্রতি মণ লবণের দাম ছিল ১০০-১১০ টাকা। কয়েক সপ্তাহ ধরে প্রতি মণ লবণের দাম কমে ৮০-৭০ টাকা হওয়ায় উৎপাদিত লবণ মাঠে মজুত ছিল। কিন্তু বৃষ্টির পানিতে শত শত মণ লবণ নষ্ট হয়ে গেল।
জেআরবি ও এআরবি ব্রিকস ফিল্ডের মালিক আলী আহমদ বলেন, শ্রমিক-সংকটের কারণে ইটভাটার কাজ দেরিতে শুরু হয়। এ কারণে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তার মধ্যে বৃষ্টিতে তৈরি ইট গলে নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির সমঞ্চুখীন হতে হয়েছে। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, এ বৃষ্টিতে পুরো উপজেলার লবণ ও ইটভাটার চাষি এবং মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে গলে যাওয়া লবণ ও ইটভাটার ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকার মতো।