টেকনাফে বৃষ্টিতে ভেসে গেছে অর্ধকোটি টাকার লবণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে গতকাল বুধবার টানা বৃষ্টিতে ভেসে গেছে বিপুল পরিমাণ লবণ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় লবণচাষিরা। আকস্মিক বৃষ্টিতে নষ্ট হওয়া লবণের মূল্য অর্ধকোটি টাকা বলে জানিয়েছে টেকনাফ উপজেলা কৃষি কার্যালয়।গতকাল সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত টেকনাফে একটানা প্রবল বর্ষণ হয়। চলতি মৌসুমে পুরো উপজেলায় লবণের ভালো ফলন হয়েছে। ভালো দাম ওঠার অপেক্ষায় মাঠে খোলা আকাশের নিচে রাখা ছিল উৎপাদিত লবণ। এ মাঠে আবার চাষাবাদ শুরু করতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় লবণচাষিরা।কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় চার হাজার একর জমিতে লবণের চাষ হয়। গত বছর লবণের তেমন দাম পাওয়া যায়নি। এ কারণে এ বছর লবণ চাষের জমির পরিমাণ গতবারের চেয়ে এক হাজার একর কম।টেকনাফের সাবরাং আছারবনিয়ার লবণচাষি আজিজুল হক ও হ্নীলার রঙ্গিখালী গ্রামের লবণচাষি আলী হোসেন বলেন, গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে আগেভাগে লবণের চাষ শুরু করা হয়। প্রথমদিকে প্রতি মণ লবণের দাম ছিল ৬০-৬৫ টাকা। কয়েক সপ্তাহ ধরে প্রতি মণ লবণের দাম বেড়ে ৮০-৯০ টাকা হয়। কিন্তু দাম বাড়তে না বাড়তেই বৃষ্টির পানিতে শত শত মণ লবণ নষ্ট হয়ে গেল। এতে চাষিদের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে।