টেকনাফে বেড়িবাঁধ পুনর্নির্মাণে অনিয়মের অভিযোগ
কক্সাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ পুনর্নির্মাণ প্রকল্পের চার কোটি ৪২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধে মোটা বালুভর্তি বস্তা ফেলার কথা থাকলেও মাটিমিশ্রিত সৈকতের বালু ফেলার এবং বাঁধের পাশ থেকে পুরোনো সিসি ব্লক তুলে বাঁধে স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। পাউবো সূত্র জানায়, চলতি বছর বাঁধের ৬৮ নম্বর পোল্ডারের ১১৬৮ মিটারে মোটা বালুভর্তি বস্তা ফেলা ও ৫৬ হাজার সিসি বক্ল তৈরি করে বাঁধে স্থাপনের মাধ্যমে বেড়িবাঁধ পুনর্নির্মাণে চার কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বাঁধটি পুনর্নির্মাণের কাজ পান মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনাল। ৮ এপ্রিলের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ওই দিন পর্যন্ত প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। গত ৮ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, বাঁধের পাশ থেকে শ্রমিক দিয়ে পুরোনো সিসি বক্ল উঠিয়ে বাঁধে স্থাপন করা হচ্ছে। কার্যাদেশ অনুযায়ী, বাঁধে মোটা বালুভর্তি বস্তা ফেলার কথা থাকলেও মাটিমিশ্রিত ও সৈকতের বালুর বস্তা ফেলা হচ্ছে। বেড়িবাঁধের নির্মাণশ্রমিক সেলিম উল্লাহ ও হোসেন আহমদ বলেন, ঠিকাদারের লোকের নির্দেশে তাঁরা বাঁধের পাশ থেকে পুরোনো সিসি বক্ল উঠিয়ে বাঁধে ব্যবহার করছেন। শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া গ্রামের আলী হোসেন ও আব্দুর রহমান বলেন, ‘প্রতিবছর সরকার কোটি কোটি টাকা ব্যয়ে এ বেড়িবাঁধ সংস্কার করলেও বর্ষা মৌসুমে জোয়ারের পানির আঘাতে বাঁধের কোনো না কোনো অংশ ভেঙে এলাকা প্লাবিত হচ্ছে। তাঁরা এলাকায় পাথরের বাঁধ নির্মাণের অনুরোধ জানান। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুর রহিম দাবি করেন, নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।পাউবোর টেকনাফ কার্যালয়ের সহকারী প্রকৌশলী এ টি এম মাসুদুর রাব্বী বলেন, ‘অফিসের কাজে ব্যস্ত থাকায় মাঝেমধ্যে প্রকল্প এলাকায় উপস্থিত থাকতে পারিনি। সঠিকভাবে বাঁধ নির্মাণ করায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।’ সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধে সৈকতের বালু দিয়ে তার ওপর মাটির প্রলেপ দেওয়ায় এ বাঁধের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্পের) কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ‘নিয়ম মতোই কাজ করা হয়েছে। তবে সামান্য কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।