টেকনাফে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে ফরম না পাওয়ায় কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা সম্ভব হয়নি৷
সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে তথ্য সংগ্রহকারীরা ফরমের জন্য ভিড় করে আছেন৷ সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে ফরম না পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান৷ এ সময় কয়েকজন তথ্য সংগ্রহকারী বলেন, ভোটার তালিকা হালনাগাদের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হলেও নির্ধারিত সময়ে ফরমের ব্যবস্থা করা হয়নি৷
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল থেকে প্রথম ধাপে সারা দেশে ১৮২টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে৷ কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায়ও প্রথম ধাপে রয়েছে৷ কিন্তু নির্বাচন কমিশন থেকে ফরম না পাওয়ায় গতকাল নির্ধারিত সময়ে টেকনাফে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করা সম্ভব হয়নি৷
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে ফরম না পাওয়ায় গতকাল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা সম্ভব হয়নি৷ তিনি বলেন, ‘জেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ করার জন্য কক্সবাজারে এসেছি৷ ফরম পাওয়া গেলে কাজ শুরু হবে৷’