টেকনাফে মরে গেছে ২০ হাজার সুপারিগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে সুপারিগাছে মড়ক দেখা দিয়েছে। গত কয়েক মাসে মারা গেছে প্রায় ২০ হাজার গাছ। আরও লক্ষাধিক সুপারিগাছ লালচে রং ধারণ করে মরে যেতে বসেছে। উপজেলার ছয় ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪০টি গ্রামের মধ্যে ১৩০টিতে চলতি মৌসুমে ছোট-বড় প্রায় পাঁচ হাজার সুপারি বাগান রয়েছে। এসব বাগানে আট লাখের বেশি গাছ রয়েছে।হঠাৎ করে বিপুল সংখ্যক সুপারিগাছ মরে যাওয়া প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল গফুর মোল্লা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও বেড়িবাঁধ ভেঙে নাফ নদীর লবণপানি ঢুকে পড়ায় ফসলি জমিতে লবণের পরিমাণ বেড়ে গেছে। এ ছাড়া কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমেও সুপারিগাছগুলো মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে গাছ মারা যাচ্ছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।সরেজমিন সাবরাং ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরমে ও রোদে পুড়ে হাজার হাজার সুপারিগাছ মরে যাচ্ছে। বেশ কিছু বাগানের সব গাছ মরে শেষ হয়ে গেছে। চাষিরা এসব মরা গাছ কেটে ফেলছেন। মণ্ডলপাড়ার চাষি আবুল হোসেন (৬০), পানছড়ি পাড়ার নূর আহমদ (৪৮) জানান, গত দুই মাসে তাঁদের দুটি বাগানের এক হাজার ১০০টি গাছ মরে গেছে। অন্যান্য গাছও রক্ষা করা যাচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘হঠাৎ করে বিপুল সংখ্যক সুপারিগাছ মরে যাওয়ার ঘটনায় আমরাও উদ্বিগ্ন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পেয়ে এমনটি হতে পারে। অবশিষ্ট গাছগুলো রক্ষা করতে হলে প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন।’