কক্সবাজারের টেকনাফে অগ্নিদগ্ধ একটি শিশু গতকাল শনিবার মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডাঙ্গরপাড়া গ্রামে গত শুক্রবার রাত ১০টার দিকে কুপিবাতিতে তেল ভরার সময় বেগম বাহার (৪০) নামের এক নারী এবং তাঁর মেয়ে আয়েশা বেগম (১১) ও ছেলে শাহাব উদ্দিন (৭) অগ্নিদগ্ধ হয়।
সূত্র জানায়, স্থানীয় লোকজন অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহাব উদ্দিন মারা যায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান শিশু শাহাব উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক জানান, শাহাব উদ্দিনের শরীরের ৬০ শতাংশ, আয়েশা বেগমের ৪০ ও বেগম বাহারের ৩০ শতাংশ পুড়ে যায়। শ্বাসনালি পুড়ে যাওয়ায় সবার অবস্থা আশঙ্কাজনক।