টেকনাফে মা-মেয়ে ধর্ষণের শিকার, একজন আটক
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া এলাকায় মা ও মেয়েকে একই সঙ্গে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার দিবাগত রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া এলাকার একটি বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় ওই বাড়ির গৃহবধূ কয়েকজনকে চিনে ফেলে চি ৎ কার দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা কাপড় দিয়ে তাঁর মুখ বেঁধে ফেলে। পরে তাঁকে বাড়ির পশ্চিম পাশে পানির ট্যাংকের নিচে নিয়ে ধর্ষণ করে। এ সময় দুর্বৃত্তরা ওই গৃহবধূর ১২ বছর বয়সের কিশোরী মেয়েকেও ধর্ষণ করে। ঘটনার সময় ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। গত রোববার সকালে ধর্ষণের শিকার মা ও মেয়েকে প্রতিবেশীরা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চারজনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়। যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলো, টেকনাফ সদরের মহেশখালিয়াপাড়ার আবদুল হামিদ (৩২), আবদুল্লাহ (২৫), কচুবনিয়াপাড়ার মো. হানিফ (২০) ও পশ্চিম গোদার বিলের আহাম্মদ করিম (৩৫)। পুলিশ রাতেই অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল গ্রামের হোসেন আহাম্মদ ওরফে হোছেনকে (২৮) আটক করে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক প্রথম আলোকে জানান, অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।