টেকনাফে মাটি খুঁড়ে পাথর উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে চলছে লাখ লাখ ঘনফুট বোল্ডার পাথর (প্রাকৃতিকভাবে সৃষ্ট) উত্তোলন। বিশাল আকৃতির পাথর বিস্ফোরণ ঘটানোর সময় বিকট শব্দে এলাকায় ভূকম্পন সৃষ্টি হয়। সরকারিভাবে এ পাথর উত্তোলন বন্ধে কোনো তৎপরতা নেই। গত কয়েক দিন টেকনাফ পৌরসভার শীলবুনিয়াপাড়া, কলেজপাড়া, বাহারছড়া, ণীলা, বড়ছড়াসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষ আবাদি জমি খুঁড়ে পাথর উত্তোলন করছে। আহরিত পাথর শ্রমিক দিয়ে ভেঙে চুরমার করে ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এসব পাথর দিয়ে বহুতল ভবন, সেতু, কালভার্ট তৈরিসহ নানা কাজে ব্যবহার করা হচ্ছে। অব্যাহতভাবে পাথর উত্তোলনের ফলে এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। পাথর উত্তোলনের কারণ জানতে চাইলে শীলবুনিয়া পাড়ার শ্রমিক মোহামঞ্চদ আলম (৩৮) বলেন, দৈনিক ২৫০ টাকা মজুরির বিপরীতে তাঁরা স্থানীয় পাথর ব্যবসায়ী দিল মোহামঞ্চদ ও জাফর আহমদের পাথর তুলছেন। তাঁদের জানা নেই যে পাথর উত্তোলন নিষিদ্ধ। ব্যবসায়ী দিল মোহামঞ্চদ বলেন, আধা কানি (২০ শতক) আবাদি জমি ৪০ হাজার টাকায় ইজারা নিয়ে এ পাথর উত্তোলন করছি। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। পাথর উত্তোলন না করলে এ জমিতে বর্ষায় ধান চাষ করা যাবে না। কলেজপাড়ার শ্রমিক খলিলুর রহমান (৩৫) বলেন, পাথর তোলার আগে তাঁরা প্রথমে জমির উপরিভাগে ১০-১২ ইঞ্চি মাটি সরিয়ে ফেলেন। তারপর দেখা মেলে পাথরের স্তূপ। পরে পুকুরের মতো করে মাটি সরিয়ে পাথর তুলতে হয়। দেখা গেছে, শ্রমিকেরা পাথরের চতুর্দিকে পুকুর আকৃতির গর্ত খোঁড়েন। তারপর লোহার রড দিয়ে পাথরে ৭-৮ ইঞ্চি লম্বা ও সরু ছিদ্র করে তাতে ম্যাচের কাঠি থেকে সংগ্রহ করা বারুদ ঢুকিয়ে দেন। তারপর ওই ছিদ্রপথে কেরোসিন ভেজানো সুতলির মাথা বারুদের সঙ্গে সংযুক্ত রেখে অন্য মাথায় আগুন ধরিয়ে দেন। আগুনে সুতলি পুড়ে পুড়ে পাথরের ভেতর রাখা বারুদ স্পর্শ করামাত্রই বিকট শব্দে বিশাল পাথর টুকরা টুকরা হয়ে ছিটকে পড়ে। বিস্ফোরণের সময় ভূমিকম্পের মতো বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তখন আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ পৌরসভার বিভিন্ন গ্রাম ছাড়াও হোয়াইক্যং, বাহারছড়া ইউনিয়নের আবাদি জমি, পাহাড় ও প্রাকৃতিক ছড়া থেকে একই পন্থায় বোল্ডার পাথর আহরণ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, আবাদি জমি থেকে পাথর উত্তোলনের ফলে মাটির উর্বরাশক্তি নষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, আবাদি জমি থেকে পাথর উত্তোলন সরকারি আইনে নিষিদ্ধ। সরেজমিন অনুসন্ধান করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।