টেকনাফে মাথিনের কূপের সামনে 'দূর-সম্পর্ক' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
প্রায় ১০০ বছর আগে কক্সবাজারে টেকনাফের রাখাইন মেয়ে মাথিন প্রেমে পড়েছিলেন বাঙালি পুলিশ কর্মকর্তা ধীরাজের। এ ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে উপন্যাস দূর-সম্পর্ক। গতকাল রোববার সন্ধ্যায় বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে মাথিনের কূপে।
টেকনাফ বন্ধুসভার আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ধীরাজ ও মাথিনের প্রেমকাহিনি নিয়ে নানা কথা চালু আছে টেকনাফে। যখন পুলিশ ছিলাম আত্মজীবনীমূলক বইয়ে ধীরাজ ভট্টাচার্য নিজেও বিষয়টির অবতারণা করেছেন। লেখক বিশ্বজিৎ চৌধুরী ভিন্ন আঙ্গিক ও দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছেন। সমসাময়িক একটি ঘটনার সমান্তরালে অতীতকে তুলে এনেছেন তিনি। এখানেই মাথিনের কাহিনি নতুন মাত্রা পেয়েছে।
মাথিনের প্রেম নিয়ে এ বছর একুশে বইমেলায় প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে বিশ্বজিৎ চৌধুরীর লেখা উপন্যাস দূর-সম্পর্ক।
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ বন্ধুসভার সভাপতি আবদুল মতিন। উপস্থিত ছিলেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ, টেকনাফ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা বন্ধুসভার সভাপতি কাজী মিজানুর রহমান, টেকনাফ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, নুরুল হোসাইন, আবদুর রহমান, আবুল আলী, নুর হাকিম আনোয়ার, সাইফুদ্দীন মো. মামুন প্রমুখ।