টেকনাফে মাদক আইস ও ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৬২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। এ সময় মো. রফিক মিয়া (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়ননের জাদিমোরা এলাকার মো. নাজিম উল্লাহর ছেলে। উদ্ধার করা ক্রিস্টাল মেথ ও ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি এক লাখ টাকা।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ও সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ার এলাকার দক্ষিণে মোহাম্মদ সালামের মৎস্য খামারসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। আজ সোমবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
ফয়সল হাসান খান বলেন, গতকাল রাতে হ্নীলার জাদিমোরার জুম্মাপাড়া মসজিদের সামনে মো. রফিকের বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে ঘরের সিলিং ফ্যানের ওপর লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মো. রফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে গতকাল রাতে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ার এলাকার দক্ষিণে মো. সালামের মৎস্য খামারসংলগ্ন এলাকা থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের দেখে মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি।