টেকনাফে মাদকবিরোধী অভিযানে আটক ১৫, কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের আজ সোমবার দুপুরে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবির ভাষ্য, সাজাপ্রাপ্ত ১৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী।
গতকাল রোববার রাত ১০টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হয়।
আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এর মধ্যে লালু মিয়া, মো. সাগর, নুরুল আমিন, মো. শাহিন, নুর আহমদ ও জানে আলমকে দুই বছর; আবদুল হামিদকে এক বছর; আবু তাহের, কবির আহমদ ও জিয়া উল্লাহকে সাত মাস এবং মনসুর আলম, মো. হোসেন, হেলাল উদ্দিন, বাবুল মিয়া ও মো. মিন্টুকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, আটক মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দুই বছর থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে মাদকের ভয়াবহ আগ্রাসন প্রতিরোধের জন্য সরকারের ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির সমর্থনে টেকনাফ ২ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান রয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, আজ দুপুরে সাজাপ্রাপ্ত ১৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে কারাগারে পাঠানো হয়েছে।