টেকনাফে মাদ্রাসাছাত্রী অপহরণ, বাধা দিতে গিয়ে বোন গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফ উপজেলার কাজিপাড়া এলাকা থেকে গত শনিবার রাতে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তেরা। এ সময় অপহরণকারীদের গুলিতে আহত হয়েছেন ওই ছাত্রীর বড় বোন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে কিছুদিন আগে বিয়ের প্রস্তাব পাঠায় এলাকার এক প্রভাবশালী ব্যক্তির ছেলে। কিন্তু ছাত্রীর পরিবার সে প্রস্তাবে রাজি হয়নি। ওই ছাত্রী গত শনিবার উপজেলার কাজিপাড়া এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। রাত ১০টার দিকে প্রভাবশালী ব্যক্তিটির ছেলে লোকজন নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার বড় বোন বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা গুলি ছোড়ে। এতে তিনি বাঁ হাতে গুলিবিদ্ধ হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, অপহূত ছাত্রীর বড় ভাই গতকাল রোববার থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার মো. ইসমাইলের ছেলে মো. দেওয়ান (২০) ও ছাবের আহমদের ছেলে মো. আবদুল্লাহকে (২২) শনিবার রাতে আটক করা হয়েছে। অপহূত ছাত্রিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।