টেকনাফে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার দুপুরে মানব পাচার মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার মো. হাশিম ওরফে পুয়া মাঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
পুলিশ জানায়, হাশিমের বাড়ি মিয়ানমারের মংডু শহরে। ১৯৯১ সালে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরিবার নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গরপাড়া গ্রামে বসবাস শুরু করেন। পরে সমুদ্রপথে মানব পাচারের কাজে জড়িয়ে পড়েন তিনি।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমানের অভিযোগ, মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানব পাচার করত হাশিম। টেকনাফ, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়াকেন্দ্রিক মানব পাচার চক্রের সঙ্গে হাশিম জড়িত।
টেকনাফ মডেল থানার (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, আটটি মানব পাচার মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে হাশিম ওরফে পুয়া মাঝির বিরুদ্ধে।
৩০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১: টেকনাফের সাবরাং এলাকা থেকে শুক্রবার রাতে ৩০ হাজার ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।