কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচজন সাংবাদিকের ওপর ইয়াবা ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকেরা। কর্মসূচিতে বক্তারা বিভিন্ন অভিযোগে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানান।
টেকনাফ সাংবাদিক ইউনিটির ব্যানারে গতকাল বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালিত হয়। টেকনাফ বাসস্টেশন চত্বরে আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুলু। সভাপতিত্ব করেন সভাপতি নুরতাজুল মোস্তফা শাহিনশাহ। সভা পরিচালনা করেন সাইফুল ইসলাম। কর্মসূচিতে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, ওসি আবদুল মজিদ টেকনাফে যোগ দেওয়ার পর থেকে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী, মানব পাচারকারী ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশ ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেয় বলেও অভিযোগ আছে।
সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বর্তমান ওসি যোগ দেওয়ার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি ইয়াবা ব্যবসায়ীদের মদদ দিচ্ছেন।
পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, পাঁচ সাংবাদিকের ওপর ইয়াবা ব্যবসায়ীদের হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র-৩ রুবিনা আক্তার, স্থলবন্দরের ব্যবসায়ী মো. হায়দার আলী, হকার সমিতির সভাপতি মোহাম্মদ আলম।
ওসি মো. আবদুল মজিদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, পাঁচ সাংবাদিকের ওপর হামলার পর এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।