টেকনাফে মিয়ানমারের ৪৩ অনুপ্রবেশকারীকে আটক, পরে ফেরত
কক্সবাজারের নাফ নদী হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে গতকাল বুধবার মিয়ানমারের ৪৩ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার তোতা মিয়ার নেতৃত্বে ঘোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ২৩ নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ১৬ জন পুরুষ, চারজন মহিলা ও তিনটি শিশু রয়েছে।একই দিন সকালে হোয়াইক্যং তল্লাশি চৌকিতে কক্সবাজার ও চট্টগ্রামগামী বাসে অপর অভিযান চালিয়ে দেশটির আরও ২০ নাগরিককে আটক করা হয়েছে। এরা সবাই পুরুষ। আটক ব্যক্তিরা মিয়ানমারের মংডু টাউনশিফের মগনি পাড়া, সিকদার পাড়া ও বাজার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের গতকাল বিকেল পাঁচটায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।