টেকনাফে যুবলীগ নেতার সন্ধান দাবিতে মানববন্ধন
কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। মোস্তাকের বাবা টেকনাফ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাফর আহমদ।
গতকাল রোববার সকালে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় মোস্তাকের বাসভবনে সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মোস্তাকের স্ত্রী জয়নব রাজিয়া। তিনি বলেন, প্রশাসনের লোক পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাঁর স্বামীকে তুলে নিয়ে গুম করে রেখেছে। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় জড়িত না থাকেন তাহলে তাঁদের উচিত তাঁর স্বামীর খোঁজ বের করা।
মোস্তাকের মা আমেনা খাতুন বলেন, ‘আমার ছেলে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে দেশের প্রচলিত আইন অনুসারে বিচার করুন। রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে পাঁচ দিন ধরে এভাবে গুম করা হবে কেন। অবিলম্বে আমার ছেলেকে জীবিত অবস্থায় ফেরত দিন।’
গত ১১ আগস্ট রাতে বাড়ির সামনে থেকে মোস্তাককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।
এদিকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের সন্ধান দাবিতে গতকাল দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের টেকনাফ বাসস্টেশনের আল-জামিয়া মাকের্ট থেকে উপজেলা পরিষদ গেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে মানববন্ধন করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস কে আনোয়ার, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের লীগের যুগ্ম সম্পাদক মাহবুব মোরশেদ, আওয়ামী লীগ নেতা জাহেদ হোসেন, জাবেদ ইকবাল, মো. আলম বাহাদুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তাককে যদি প্রশাসন তুলে না নিয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব তাকে খুঁজে বের করা এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। মোস্তাকের অপহরণের দায় স্থানীয় প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, মোস্তাকের পরিবার অভিযোগ করেছে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তবে পুলিশ তাঁকে আটক করেনি। তাঁর সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে।