টেকনাফে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় যৌতুকের জন্য আসমা খাতুন নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। নিহত আসমার পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ডিসেম্বরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মো. ইলিয়াসের মেয়ে আসমা খাতুনের (২৪) সঙ্গে সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা গ্রামের আবদুর রহমানের ছেলে মছন আলীর বিয়ে হয়। বিয়ের পর মছন আলী একটি মোটরসাইকেল ও নগদ তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় মছন আলী ও তাঁর পরিবারের লোকজন আসমাকে নির্যাতন করে আসছিলেন। বুধবার রাতে তাঁদের ব্যাপক মারধরে আসমা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আসমার পরিবারের সদস্যরা এসে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথে আসমার মৃত্যু হয়।আসমার বাবা গতকাল বিকেলে বলেন, বিয়ের পর থেকে মছন আলী যৌতুক চেয়ে আসমাকে নির্যাতন করে আসছিলেন। যৌতুকের জন্য শেষ পর্যন্ত আসমাকে প্রাণ দিতে হলো। এ ব্যাপারে তিনি মছন আলীকে প্রধান আসামি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।