টেকনাফে রোহিঙ্গাদের আড়াই হাজার ঝুপড়ি ঘর উচ্ছেদ
কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বন বিভাগের ঝাউবাগান থেকে প্রায় আড়াই হাজার রোহিঙ্গার ঝুপড়ি ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও বাহারছড়া ইউনিয়নে উপকূলীয় বন বিভাগের ঝাউবাগানের দেড় কিলোমিটার এলাকায় প্রায় আড়াই হাজার ঝুপড়ি ঘর তৈরি করে বাস করছিল মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। এসব ঝুপড়িতে প্রায় ৩৫ হাজার রোহিঙ্গা পরিবার নিয়ে থাকত।
গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবালের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে বিজিবি, পুলিশ, আনসার ও বন বিভাগের কর্মী অংশ নেন।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন বাসিন্দা জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে আসা রোহিঙ্গা নাগরিকেরা প্রায় ২০ বছর ধরে সৈকতের ঝাউবাগানে দখল করে বসতি গড়ে তুলেছিল। তাদের বেশির ভাগ সাগরে মাছ ধরার নৌকায় কাজ করত। থাকার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তারা আশপাশের গ্রামে বসতি গড়ে তুলবে। কাজ না থাকায় তাদের অনেকেরই অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জাহিদ ইকবাল প্রথম আলোকে জানান, অবৈধভাবে ঝাউবাগানের মধ্যে ঝুপড়িঘর তৈরি করে রোহিঙ্গারা বসবাস করে আসছিল। বনের জমি উদ্ধার করতে অভিযান চালানো হয়েছে। তিনি জানান, গত মাসের ২৭ ও ২৮ জানুয়ারি ঝাউবাগান থেকে সরে যেতে মাইকিং করা হয়েছে। কিন্তু তাঁরা নির্দেশ অমান্য করায় উচ্ছেদ করা হয়েছে।