টেকনাফে রোহিঙ্গা বসতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের বসতি বাড়ছে। বসতি বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চুরি-ডাকাতিও বেড়ে চলেছে। ফলে, স্থানীয় লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে।স্থানীয় একাধিক সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে উপজেলার সদর ইউনিয়নের উরুমের ছড়া ও শিয়াল্যার ঘোনার দুর্গম পাহাড়ি এলাকায় ২৫-৩০টি রোহিঙ্গা পরিবার বসতি গড়ে তোলে। তারা ওই সব এলাকার পাহাড় কেটে মাটির দেয়াল আর পাহাড়ি শণ দিয়ে বসতঘর নির্মাণ করে। এ ছাড়া ইউনিয়নের বৈদ্যর ঘোনা, ফকিরা মুরা, ধুমপেরাং মুরা, নাজির ঘোনা, সিরাজ ঘোনা, ছনখোলা, টুইন্যার মুরা, কেরুনতলী ও বরইতলী পাহাড়ি এলাকায় চার শতাধিক রোহিঙ্গাসহ সাত শতাধিক পরিবার বসবাস করছে।বন বিভাগ সূত্র জানায়, টেকনাফের পাহাড়ে চার শতাধিক রোহিঙ্গা পরিবারের পাশাপাশি তিন শতাধিক স্থানীয় ভূমিহীন পাহাড়ে অবৈধভাবে বসতি স্থাপন করেছেন। পাহাড়ের বিভিন্ন স্থানে বসবাসরত ব্যক্তিদের একটি তালিকা বন বিভাগের পক্ষ থেকে তৈরি করা হয়েছে।টেকনাফ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি কায়সার হামিদ জানান, উপজেলার সদর ইউনিয়নের উরুমের ছড়া ও ছনখোলা পাহাড়ি এলাকায় আরও ৫০টির মতো রোহিঙ্গা পরিবার বসতি গড়ে তুলেছে। পৌরসভার ফকিরা মুরা ও টুইন্যার মুরা এলাকায় শতাধিক রোহিঙ্গা পরিবার বাস করছে। এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী ও বরইতলী পাহাড়ি এলাকায় ৫০টিরও বেশি রোহিঙ্গা পরিবার বসবাস করছে। এসব এলাকায় প্রতি মাসে বসতির সংখ্যা বাড়ছে।সম্প্রতি কয়েকটি রোহিঙ্গা পরিবারের সদস্যের সঙ্গে কথা হয়। তাঁদের অধিকাংশ মিয়ানমারের বলিবাজার, হারিপাড়া, মংনিপাড়া, হাসুরাতা, কেউ কেউ সেন্ট মার্টিন ও টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানান।টেকনাফ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম জানান, শুরুতে পাহাড়ের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা বসতি গড়তে শুরু করে। গত সংসদ নির্বাচনের আগে স্থানীয় প্রভাবশালী মহল নিজেদের ভোটব্যাংক করার জন্য কৌশলে তাদের ভোটারও করিয়েছেন।টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আহমদ প্রথম আলোকে বলেন, রোহিঙ্গারা পাহাড় কেটে বসতঘর নির্মাণ করায় বিভিন্ন এলাকায় পাহাড়ধসসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধপ্রবণতা বেড়ে গেছে। রোহিঙ্গা পরিবারের সদস্যদের নিয়ে এলাকাবাসী এখন উদ্বিগ্ন।টেকনাফ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) রণজিত কুমার বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে এলাকার আইনশৃঙ্খলা-পরিস্থিতির অবনতি ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিছু দিন আগেও টেকনাফ-কক্সবাজার সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।জেলা দক্ষিণ বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, টেকনাফের পাহাড়ে মিয়ানমারের চার শতাধিক রোহিঙ্গাসহ সাত শতাধিক অবৈধ বসবাসকারীর একটি তালিকা তৈরি করা হয়েছে। উচ্ছেদ-অভিযান পরিচালনা করার জন্য তালিকাটি উপজেলা প্রশাসনে জমা দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, রোহিঙ্গারা এখন এলাকার জন্য বিষফোড়াতে পরিণত হয়েছে। পাহাড়ে বসতি স্থাপনকারীদের তালিকা প্রণয়ন করে উচ্ছেদের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হচ্ছে।