টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকা থেকে পুলিশ অস্ত্র ও গুলিসহ আবু বক্কর ছিদ্দিক (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গত বৃহস্পতিবার তাঁর কাছ থেকে দুটি দেশি বন্দুক, দুটি এলজি, একটি গুলি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে শিবিরে ডাকাতির অভিযোগ রয়েছে। নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান জানান, ‘দীর্ঘদিন ধরে ডাকাত দল শিবিরের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে ডাকাতি করছিল। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কোনো সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বেড়ে গেছে।’ ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে জানান, ওই দিন রাতে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে অভিযান চালালে ডাকাত দল পালিয়ে যায়। তবে সেখান থেকে একটি এলজি ও একটি কিরিচ উদ্ধার করা হয়। জাহিদ হাসান আরও জানান, লেদার আন-রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ছিদ্দিক আহমদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি বন্দুক, একটি এলজি, একটি গুলি ও তিনটি কিরিচসহ একজনকে আটক করা হয়েছে।