টেকনাফে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল ওয়ান মিয়ানমার থেকে সদ্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ও কক্সবাজারের টেকনাফের স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর ১ হাজার ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
গতকাল বৃহস্পতিবার টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির।
গ্লোবাল ওয়ান সূত্র জানায়, প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ কেজি ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ১০ কেজি আলু, ২ কেজি লবণ, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি মসলা, ২ কেজি গুঁড়া দুধ, ২টি হাঁড়ি-পাতিল, ১টি কড়াই, ৩টি থালা, ২টি গ্লাস, ২টি চামচ, ২টি সাবান, ১টি লুঙ্গি, ১টি শাড়ি ও ১টি বাচ্চাদের পোশাক দেওয়া হয়েছে।
গ্লোবাল ওয়ানের পরিচালক মো. এরশাদুল হক বলেন, ইসলামি উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় গতকাল ১ হাজার রোহিঙ্গা ও ২৫০টি স্থানীয় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।