টেকনাফে লাশবাহী গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার-৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় গত শনিবার গভীর রাতে লাশবাহী গাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি দেশি বন্দুক, কিরিচ, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। ডাকাতির শিকার আবদুল জলিলের ভাষ্যমতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভাগনে কালা মিয়ার (৩০) লাশ নিয়ে তাঁরা টেকনাফের সাবলং যাচ্ছিলেন। ভাগনের গ্রামের বাড়ি সেখানে। লাশবাহী গাড়িতে তিনিসহ মোট ছয়জন ছিলেন।আবদুল জলিলের দেওয়া তথ্যমতে, গভীর রাতে টেকনাফের হোয়াইক্যংয়ে এলাকায় পৌঁছালে সশস্ত্র ডাকাতদল লাশবাহী গাড়িটির গতি রোধ করে। একপর্যায়ে ডাকাতেরা গাড়ির সামনের কাচ ভাঙচুর করে এবং অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন লুট করে। পরে রাস্তায় টহল পুলিশ পেয়ে তাঁরা ডাকাতির ঘটনা জানান।পুলিশ জানায়, ডাকাতির অভিযোগ পাওয়ার পর হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন, হাইওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার ও মাহফুজুর রহমানের নেতৃত্বে সাঁড়াশি অভিযানে ওই রাতেই নয়াবাজার সাতঘড়িয়াপাড়ার মো. আলমগীরকে (৩০) আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলমগীর ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সকালে মিনাবাজার এলাকার নুরুল বশর (২৭) ও কামাল উদ্দিনকে (২৮) আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশি বন্দুক, কিরিচ, চাকু, ডাকাতিতে ব্যবহূত সরঞ্জামাদি, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।