টেকনাফে লোকালয়ে হাতির পাল, রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা, হোয়াইক্যং ও বাহারছড়া ইউনিয়নের বাসিন্দারা এক সপ্তাহ ধরে হাতির পালের তাণ্ডবে দিশেহারা। এতে এলাকাবাসী তাঁদের বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, খাবারের জন্য এক সপ্তাহ ধরে বন্য হাতির পাল লোকালয়ে এসে দমদমিয়া, আলীখালী, লেচুয়াপ্রাং, পানখালী, রক্ষইম, হরিখোলা, চাকমাপাড়া, দৈঘ্যাকাটা, মারিষবনিয়া, বাইন্ন্যাপাড়া, হলবনিয়া ও নোয়াখালী গ্রামের বসতবাড়ি, দেড় শতাধিক একর জমির আধা পাকা ধান, সবজিখেত, কলাবাগান, মুলিবাঁশ, গাছপালাসহ বিভিন্ন ফসলের খেত নষ্ট করছে। হাতিগুলো এলাকার বিভিন্ন পাহাড়ে অবস্থান করছে। সুযোগ পেলেই হাতিগুলো লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে। ভয়ে ওই সব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। তাঁরা গত শুক্রবার থেকেই মশাল জ্বালিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। হইচই করে, ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। এর পরও হাতির পাল এলাকা ছাড়ছে না। হাতির আক্রমণ থেকে বাঁচতে পাহাড়ি এলাকায় বসবাসকারীরা বসতঘর ছেড়ে অন্যত্র বসবাস করছেন।
দমদমিয়া গ্রামের কৃষক আলী হোসেন জানান, প্রতিবছর এ সময়ে খাবারের খোঁজে হাতির পাল গ্রামে আসে। পাহাড়ে ফসল ফলাতে হয় অনেক কষ্টে। কিন্তু প্রতিবছর হাতির পাল এসে ফসল নষ্ট করলেও হাতির আক্রমণ থেকে রক্ষায় সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই হাতির ভয়ে আধা পাকা আমন ধান কেটে বাড়িতে নেওয়া হচ্ছে। গত এক সপ্তাহে হাতির পাল সবজিখেত, কলাবাগান, মুলিবাঁশ, গাছপালাসহ বিভিন্ন ফসল নষ্ট করছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, প্রতিবছর শীত মৌসুমের শুরুতে পাহাড়ি এলাকায় হাতির তাণ্ডবে ওই সব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু হাতির পাল নিয়ন্ত্রণে সরকারিভাবে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।