টেকনাফে শতাধিক গাছ কেটে জামায়াতের হরতাল
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া অংশে (সড়কের দুই পাশের) শতাধিক বড় বড় গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের সমর্থকেরা। গত শনিবার গভীর রাতে কয়েক শ লোক করাত দিয়ে ১০-১৫ বছর বয়সী গাছগুলো কেটে নিলেও এ পর্যন্ত কেউ ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় লোকজন জানান, জামায়াত-শিবিরের সমর্থক লোকজন শনিবার রাত ১০টা থেকে ভোর রাত চারটা পর্যন্ত একাধিক দলে বিভক্ত হয়ে করাত দিয়ে গাছগুলো কেটে টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর ফেলে যানবাহন চলাচল বন্ধ করে। পরে গাছগুলো সরিয়ে ফেলা হয়েছে। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের লোকজন হরতালে সড়ক অবরোধের জন্য পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলে।কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, সড়কের দুই পাশে বিপুল পরিমাণ গাছ করাত দিয়ে কেটে ফেলা হয়েছে সত্যি, কিন্তু ওই গাছের মালিক সড়ক ও জনপথ বিভাগ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করলে সওজ করবে।সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘টেকনাফ সড়কের দুই পাশে ৪৯টি গাছ কাটার খবর পেয়েছি। গাছকাটার সঙ্গে জড়িত কয়েক শ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’