টেকনাফে শতাধিক চিংড়িঘেরে মড়ক মালিকেরা বিপাকে
কক্সবাজারের টেকনাফ উপজেলার শতাধিক চিংড়ি ঘেরে মড়ক দেখা দিয়েছে। মিয়ানমার থেকে রোগাক্রান্ত চিংড়ি পোনা এনে ঘেরে ছাড়াসহ নানা কারণে এভাবে মড়ক দেখা দিয়েছে। এতে ঘেরের মালিকদের কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, টেকনাফের নাফ নদীসংলগ্ন চিংড়ি ঘেরগুলোতে গত তিন সপ্তাহ আগে মড়ক দেখা দেয়। ভাপসা গরম, ঘেরগুলোতে পরিমাণমতো পানি না থাকা এবং রোগাক্রান্ত পোনা ছাড়ায় ঘেরের মাছগুলো মরে যাচ্ছে। এ কারণে চিংড়িচাষি ও ঘেরের মালিকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উপজেলার উনছিপ্রাং বোরাক চিংড়ি ঘেরের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহীম বলেন, চিংড়ি ঘেরগুলোতে মড়ক দেখা দেওয়ায় ঘেরের মালিকেরা বিপাকে পড়েছেন। এতে আগামী মৌসুমে চিংড়ির সংকট দেখা দিতে পারে। উপজেলার হ্নীলার চাষি নুরুল আলম ও আরেকটি এলাকার চাষি মোহাম্মদ ইছাহাক জানান, তাঁরা তাঁদের ঘেরে চলতি মৌসুমে ৮-১০ লাখ পোনা ছাড়েন। কিন্তু মড়ক দেখা দেওয়ায় তাঁদের ঘেরে চার-পাঁচ লাখ মাছও নেই। প্রতিদিন মরা মাছ ভেসে উঠছে। মৎস্য বিভাগ সূত্র জানায়, চলতি বছর টেকনাফ উপজেলায় ৪২৭টি চিংড়ি ঘেরে পোনা ছাড়া হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঘেরে মড়ক দেখা দিয়েছে। এ বছর এ উপজেলায় দুই হাজার ৬৮৪ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়েছে। গত বছর তিন হাজার ২৭ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়েছিল। লবণ চাষ ও বোরো আবাদের কারণে এবার গত বছরের তুলনায় কম জমিতে চিংড়ি চাষ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস বলেন, এ পর্যন্ত শতাধিক ঘেরে মড়ক লাগার খবর পাওয়া গেছে। এক ধরনের ভাইরাসের কারণে ঘেরের চিংড়ি মারা যাচ্ছে। এ ছাড়া প্রচণ্ড গরম ও বৃষ্টির অভাবে ঘের শুকিয়ে যাওয়ায় অবাধে পোনাগুলো বিচরণ করতে পারছে না। এসব কারণে ঘেরে ব্যাপকভাবে মড়ক দেখা দিয়েছে। মড়ক প্রতিরোধের জন্য ঘের থেকে পানি বের করার ব্যবস্থা করে নতুন করে পানি ঢোকাতে হবে।