টেকনাফে শিকারির গুলিতে পানচাষির মৃত্যু
কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার সকাল ছয়টার দিকে পাহাড়ি এলাকায় বন্য পশু (শূকর) শিকারে বাধা দেওয়ায় এক পানচাষিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত ছিং ছুঁয়াই রাখাইনের ছেলে মেরু, মৃত ন্যুছাবঙের ছেলে রাসু, মৃত অং ছালার ছেলে পছি মং ও উঠা ছিঙের ছেলে মংক্যা ছিং রোজারঘোনার জারাইলবনিয়া এলাকায় বন্য শূকর শিকারে গেলে স্থানীয় পান ও তরমুজখেতের পাহারাদার আবদুল্লাহ ও জাবেরুল ইসলাম শূকর শিকার না করতে শিকারিদের বাধা প্রদান করেন। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বন্য পশু শিকারীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে আলী আকবরপাড়া গ্রামের বাসিন্দা মৃত মকবুল আহামদের ছেলে পানচাষি নুরুল আলম (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে ঘাতকেরা পালিয়ে যান। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহামঞ্চদ ইউনুছ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সামছুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠান। স্থানীয় ইউপি সদস্য মোহামঞ্চদ ইউনুছ বলেন, দীর্ঘদিন ধরে রাখাইন সম্প্রদায়ের কয়েকজন শিকারি বন্য পশু শিকার করে আসছিল। তারা প্রতিনিয়ত শূকর, সজারু, গুইসাপসহ বিভিন্ন প্রাণী শিকার করে পাড়া-মহল্লায় বিক্রি করে।