টেকনাফে শিশুকে জবাই করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আলী উল্লাহকে (৭) জবাই করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, গত বুধবার বিকেলে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের মো. আবদুল্লাহর ছেলে আলী উল্লাহকে তাদের বাড়ির বৈঠকখানায় জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিন রাতেই গৃহকর্মী সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামের মো. ইয়াকুব, ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর গ্রামের মো. রায়হান, মহেশখালী পাড়ার নজরুল ইসলাম ও গোদারবিল গ্রামের মো. ইছহাক কালু।ওসি আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে গৃহকর্মী সুমন জানিয়েছে, ঘটনার দিন মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আলী উল্লাহকে অপহরণের চেষ্টা করা হয়। চেষ্টা ব্যর্থ হলে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পরের দিন নিহত শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।