টেকনাফে শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়
শীতের পোশাক কিনতে কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় মৌসুমি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। তবে শীতের প্রকোপ এখনো বেশি না হওয়ায় বিক্রি তেমন জমে ওঠেনি।দোকানিরা মনে করছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বিক্রিও।শীতে গরম কাপড়ের চাহিদার কথা ভেবে মৌসুমি ব্যবসায়ীরা পৌর এলাকার বাসস্টেশন, বড়বাজার গণি মার্কেট, লামার বাজার, বার্মিজ মার্কেট, থানা রোডে গরম কাপড়ের পসরায় দোকানে নতুন ও পুরোনো শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন।গতকাল বৃহস্পতিবার সকালে বড়বাজারে ছয় মাস বয়সী নাতির জন্য গরম কাপড় কিনতে এসেছেন বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল গ্রামের বাসিন্দা কৃষক নুরুল ইসলাম। বিভিন্ন দোকান ঘুরে ৬০ টাকায় দুটি পুরোনো পায়জামা এবং ৮০ টাকায় দুটি ফুল হাতা গেঞ্জি কেনেন তিনি।নুরুল ইসলাম বলেন, গত বছর প্রচণ্ড শীতে তাঁর নাতনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তাই এবার শীতের শুরুতে গরম কাপড় কিনতে এসেছেন।থানা রোডের পুরোনো কাপড় ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, ‘গরমের মৌসুমে বিভিন্ন ধরনের ফলের রস ও জুস বানিয়ে বিক্রি করতাম। এখন পুরোনো শীতবস্ত্রের ব্যবসা করছি। এসব পুরোনো কাপড়ের গাঁট ঢাকা ও চট্টগ্রাম থেকে কিনে আনতে হয়। একটি গাঁটে ৩৫০ থেকে ৪০০টি গরম কাপড় থাকে। দাম ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। তবে কাপড়ের ধরনের ওপর গাঁটের দাম নির্ভর করে।’বাসস্টেশন বাজারের আরেক ব্যবসায়ী সেলিম উল্লাহ বলেন, শীতে সোয়েটার ও জ্যাকেটের বেচাকেনা ভালো থাকে। এখানে ধনী থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র—সব শ্রেণীর মানুষ শীতের কাপড় কিনতে আসে।বৃদ্ধ মায়ের জন্য সোয়েটার কিনতে আসা পৌর এলাকার রিকশাচালক জামাল হোসেন বলেন, ‘শহরের বড় বড় দোকান থেকে শীতের কাপড় কেনার সামর্থ্য আমার নেই। তাই পুরোনো কাপড়ের দোকান থেকে কম দামে সোয়েটার কিনে নিয়ে যাচ্ছি। ৫০০ থেকে এক হাজার টাকা খরচ করে একটি সোয়েটার কেনার ইচ্ছা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।’লামার বাজারের ব্যবসায়ী আবদুল জলিল বলেন, এখানে ৩০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শীতের কাপড় পাওয়া যায়।টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল্লাহ মনির প্রথম আলোকে জানান, দরিদ্র মানুষের কথা চিন্তা করে শীতবস্ত্র বিক্রি করতে পৌর কর্তৃপক্ষ কয়েকটি স্থান নির্ধারণ করে দিয়েছে।