টেকনাফে শীতেও লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিংও কম হয়—প্রচলিত এ নিয়মের উল্টোটাই ঘটছে কক্সবাজারের টেকনাফে। প্রায় দুই সপ্তাহ ধরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে টেকনাফে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার প্রায় ২৫ হাজার বিদ্যুৎ গ্রাহক। দিনে তো বটেই, রাতেও লোডশেডিং থেকে রেহাই পাচ্ছে না উপজেলাবাসী।

টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকের আহমদ বলেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা শনিবার (আজ) থেকে শুরু হচ্ছে। কিন্তু রাতেও লোডশেডিং হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে।

লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে মাছ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানান টেকনাফের শাহপরী বরফকলের ব্যবস্থাপক মোহাম্মদ নুর।

টেকনাফে হিমাগার না থাকায় সবজি সংরক্ষণে বিভিন্ন আড়তে বিদ্যুতিক পাখা ব্যবহার করেন আড়তদারেরা। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সবজি নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে জানান টেকনাফ বাসস্টেশনের আড়তদার সাইফুল ইসলাম। ১ ডিসেম্বর সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হয়েছে বলে জানান বাসস্টেশন এলাকার ব্যবসায়ীরা। রাতেও কয়েকবার বিদ্যুৎ যাওয়া-আসা করেছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, শীতের সময়ও লোডশেডিং হচ্ছে। এতে মানুষের সমস্যা হচ্ছে।

অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সরবরাহ বেড়ে গেছে। এতে মানুষের ব্যয় অনেক বেড়ে গেছে বলে জানান টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার বাসিন্দা আব্দুল গণি।

পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের চাহিদা সাড়ে ১২ মেগাওয়াট। কিন্তু লেদা ও টেকনাফ বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ মেগাওয়াট। দুই উপকেন্দ্র থেকে পাঁচটি ফিডারের মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম থাকায় নিয়ম করে একটি ফিডার বন্ধ করে অন্যটি চালু করা হয়। এতে দৈনিক গড়ে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে গ্রাহকদের।

টেকনাফ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম‍ মো. বাহার উদ্দিন বলেন, সরবরাহ কম হওয়ায় একটি ফিডার বন্ধ করে অন্যটি চালু করা ছাড়া উপায় থাকে না। ঘুরেফিরে বন্ধ ফিডারে আবার সংযোগ দিতে কিছুক্ষণ সময় লেগে যায়। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করতে চেষ্টা চলছে।