টেকনাফে শুঁটকিপল্লি সরগরম মেশানো হচ্ছে কীটনাশক!
কক্সবাজারের টেকনাফে শুঁটকি তৈরির ধুম পড়েছে। এদিকে পোকামাকড়ের আক্রমণ রোধ ও আকর্ষণীয় দেখাতে শুঁটকিতে কীটনাশক মেশানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।পর্যটন মৌসুমের কারণে টেকনাফে শুঁটকির চাহিদা বেড়েছে। এ ছাড়া দেশের পাশাপাশি বিদেশেও এখনকার শুঁটকির যথেষ্ট চাহিদা রয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার নয়াপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, বাজারপাড়া, টেকনাফ সদরের জালিয়াপাড়া, নাইট্যংপাড়া, লম্বরী, রাজারছড়া, শামলাপুরসহ সেন্ট মার্টিনের বহু জায়গায় পুরোদমে চলছে শুঁটকি তৈরির কাজ। প্রতিবছরই শীতের শুরু থেকে রোদে মাছ শুকানোর কাজ শুরু হয়। চলে জুন মাস পর্যন্ত।শুঁটকি ব্যবসায়ীরা জানান, ছুরি, লাক্ষ্যা, রুপচাঁদা, লইট্যা, চাপা, কোরাল, চিংড়ি, মাইট্যা, ফাঁইস্যা, সুন্দরী, বাটাসহ ১০০ প্রজাতির মাছের শুঁটকি তৈরি করা হয়। বর্তমানে টেকনাফে প্রতি কেজি রুপচাঁদা এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা, মাইট্যা ৮০০ থেকে এক হাজার ২০০, কোরাল এক হাজার থেকে এক হাজার ৫০০, চিংড়ি এক হাজার থেকে এক হজাির ৫০০, লইট্যা ৪৫০ থেকে ৮০০, ছুরি ৫৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।জালিয়াপাড়ার শুঁটকি ব্যবসায়ী ছৈয়দ হোসেন (৬৫) বলেন, প্রতি সপ্তাহে এখান থেকে গড়ে ১৫০ থেকে ২৫০ মণ শুঁটকি চট্টগ্রামের খাতুনগঞ্জে যায়। সেখান থেকে শুঁটকি হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হয়।শুঁটকিপল্লিগুলো ঘুরে দেখা যায়, শুকাতে দেওয়া কাঁচা মাছের গায়ে সাদা সাদা দানা। কাঁচা বা পচা মাছের স্বাভাবিক গন্ধও এতে নেই। আশপাশে নেই মশামাছি। কারণ, মাছের গায়ের সাদা দানাগুলো হলো কীটনাশক।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, শুঁটকিতে যাতে পোকা না ধরে এবং রং যাতে কালচে না হয়, সে জন্য কীটনাশক দেওয়া হয়। কীটনাশক সেপ্র করে শুঁটকিতে প্রয়োগ করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ ও উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, কীটনাশক দেওয়া শুঁটকি খেলে ডায়রিয়া, জন্ডিসসহ পেটের নানা পীড়া হতে পারে। নষ্ট হয়ে যেতে পারে যকৃৎ ও কিডনি। ক্যানসার হওয়ারও আশঙ্কা থাকে। এ ছাড়া নারী-পুরুষ উভয়েই প্রজননক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। গর্ভবতী মায়েরা বিষযুক্ত শুঁটকি খেলে সন্তান শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে।উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সোহরাব উদ্দিন এ ধরনের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আলামত সংগ্রহ করে পাবলিক হেলথ অব ইনস্টিটিউটে (আইটিএইচ) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষায় কীটনাশক ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম বলেন, বহির্বিশ্বে এখানকার শুঁটকির প্রচুর চাহিদা। পোকা না আসার জন্য লবণ দেওয়া হয়, সেটা জানা ছিল। কিন্তু কীটনাশক মেশানোর বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বলেন, শুঁটকিতে কীটনাশক ব্যবহার রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।