টেকনাফে সংকটাপন্ন এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে শামুক-ঝিনুক আহরণ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে একটি চক্র। কয়েক শত নারী ও শিশুশ্রমিক নিয়োগ করে সৈকত এলাকার বালুচর থেকে শামুক-ঝিনুক আহরণ করা হচ্ছে। ফলে উপকূলের পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপকূলীয় ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষার্থে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার উপকূলীয় এলাকাকে ১৯৯৫ সালে সংকটাপন্ন ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। এসব এলাকা থেকে শামুক, ঝিনুক, বালু ও পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চক্র শামুক-ঝিনুক উত্তোলন অব্যাহত রেখেছে। এসব শামুক-ঝিনুক উত্তোলনের পর উপকূলীয় এলাকার ঝাউবাগান ও জঙ্গলে বড় বড় স্তূপ করে রাখার দৃশ্য চোখে পড়ে।শিশু রাশেদুল করিম (১০) ও নারী-শ্রমিক ফাতেমা বেগম (৩৬) জানান, শামুক-ঝিনুক আহরণের জন্য ব্যবসায়ীরা তাদের অগ্রিম দাদন দিয়ে আসছেন। সাগরে এখন মাছের আকাল। তাই শামুক-ঝিনুক আহরণ করে সংসার চালাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, টেকনাফের কচুবনিয়া, মহেশখালিয়াপাড়া, লম্বরী, লেঙ্গুরবিল, মিঠাপানিরছড়া, রাজারছড়া, সাবরাংয়ের খুরেরমুখ, কাটাবনিয়া, কচুয়াখালি, হারিয়াখালি, নয়াপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, হাজীপাড়া, মিস্ত্রিপাড়া, বাজারপাড়া ও জালিয়াপাড়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ করা হচ্ছে। চোরাচালানি চক্র শ্রমিক নিয়োগ করে এগুলো আহরণ করে ট্রলারে করে সমুদ্রপথে পাচার করছে। এ ছাড়া সড়কপথেও দেশের বিভিন্ন স্থানে এগুলো পাচার হচ্ছে। আবার এসব শামুক-ঝিনুকের তৈরি গয়না, শোপিস সৈকতে গড়ে ওঠা বিভিন্ন মার্কেটেও বিক্রি হচ্ছে। শামুক-ঝিনুক দিয়ে চুন ও মুরগির খাবার তৈরি করা যায়।পরিবেশ অধিদপ্তর, টেকনাফ কার্যালয় সূত্রে জানা যায়, শামুক-ঝিনুক আহরণে জড়িত এ চক্রে অর্ধশতাধিক সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সেন্টমার্টিন দ্বীপের নূরে আলম, মবিয়া খাতুন, শাহপরীর দ্বীপের মোহাম্মদ ইসলাম, দীন মোহাম্মদ, নয়াপাড়ার মোহাম্মদ হাশেম, কাটাবনিয়ার আমির আহমদ, গোদারবিলের ছিদ্দিক আহমদ, লম্বরীর সিরাজ মিয়া, কচ্ছপিয়ার আবুল কালাম, মোহাম্মদ ইলিয়াস, তুলাতুলির হাফেজ আমির আহমদ।মোহাম্মদ ইসলাম, ছিদ্দিক আহমদ ও আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, ‘আমরা শ্রমিক নিয়োগ করে সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণে লিপ্ত নই।’ তবে তাঁরা শামুক-ঝিনুক কিনে চুন ও মুরগির খাবার তৈরি করেন বলে স্বীকার করেছেন।পরিবেশ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন, সাগরের পানি পরিষ্কার ও বালুচর গঠনে শামুক-ঝিনুকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, উপকূলীয় এলাকার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে শামুক-ঝিনুক আহরণকারীদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।