টেকনাফে সত্তরবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদে সত্তরবর্ষী একটি পুকুরের অংশবিশেষ ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মসজিদ কমিটির সভাপতি হাসান আহমদ জানান, আনুমানিক ৭০ বছর আগে টেকনাফে তৎকালীন জমিদার ও ইউপি চেয়ারম্যান বড় কালা মিয়া ইসলামাবাদ এলাকায় বসবাসরত মানুষের পানির সুবিধার জন্য পুকুরটি খনন করেছিলেন। ওই সময় পুকুরটি দেখাশোনার দায়িত্ব দেন স্থানীয় মসজিদ কমিটিকে। তখন থেকে পুকুরটি মসজিদের অংশ হিসেবে রয়েছে। হঠাৎ করে ২০১১ সালের জানুয়াির মাসে স্থানীয় প্রভাবশালী নতুন পল্লানপাড়ার বাসিন্দা হাজি নুরুল আমিন, আবদুল আমিন ও আবুল কালাম পুকুরের ভরাট কাজ শুরু করলে পরিবেশ অধিদপ্তর তা বন্ধ করে দেয়। প্রায় দুই বছর আগে ভরাটকাজ বন্ধ থাকার পর চলতি বছরের মে মাসে আবার পৌরসভার ময়লা-আবর্জনা ও বালু ফেলে ভরাট কাজ শুরু করে। ভরাট অংশে কংক্রিটের পিলার তৈরি করে স্থাপনা নির্মাণের কাজ করা হচ্ছে। এ ব্যাপারে মসজিদ কমিটি ও এলাকার হাজার খানেক লোকের স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পুকুরটি উত্তরপাড়ে বালুর বস্তা ফেলে ভরাট এবং পশ্চিম-দক্ষিণ অংশে রাতের অাঁধারে ময়লা-আবর্জনা ও বালু ফেলে ভরাট করে চারটি কংক্রিটের পিলার তৈরি করে স্থাপনা নির্মাণের কাজ চলছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা জন্মের পর থেকেই পুকুরটি দেখে আসছেন। সারা বছর এলাকার লোকজন গৃহস্থালি কাজে এ পুকুরটির পানি ব্যবহার করে আসছিল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ভরাট ও স্থাপনার কাজ করায় তাঁরা এর বিপক্ষে অবস্থান নিতে পারছেন না। এতে করে টেকনাফ-বাহারছড়া-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে।
অভিযুক্ত নুরুল আমিন বলেন, ‘পুকুরটি আমাদের বাবার জোতের জমি। বাবা মারা যাবার পর থেকে পুকুরটির মালিক আমরা৷ সে কারণেই পুকুর ভরাট করে স্থাপনা করা হচ্ছে।’
অপর অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘পুকুরটির পাশ দিয়ে আমার বাড়িতে যেতে হয়। তাই কিছু বালুর বস্তা ফেলে রাস্তা তৈরি করছি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করার জন্য তহশিলদার হেলাল উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, জনস্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না। তার পরও পুকুর ভরাটে কোনো অনুমতি পরিবেশ অধিদপ্তর দেয়নি। পুকুর ভরাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷