টেকনাফে সব সড়কেই খানাখন্দ, নাকাল পৌরবাসী ও পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার রাস্তাঘাট ছোট-বড় অসংখ্য খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে এসব রাস্তার গর্তগুলো পানিতে ভরাট থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীসহ দেশি-বিদেশি পর্যটকদের।পাকা সড়কগুলোর অধিকাংশেরই পিচ ও খোয়া উঠে গেছে। আধা পাকা রাস্তার ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পৌর এলাকার পাকা সড়ককে এখন আর কোনোভাবেই পাকা বলা যাবে না। এসব সড়ক দিয়ে রিকশা, ভ্যান, অটোরিকশা, চান্দের গাড়ি, প্রাইভেট কার, বাস ও ট্রাক চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে।পৌরসভা সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণীর এ পৌরসভায় কাঁচা-পাকা মিলিয়ে সড়কের পরিমাণ ১১৪ কিলোমিটার।পৌর এলাকা ঘুরে দেখা গেছে, টেকনাফ-কক্সবাজার শহরের ব্যস্ত সড়ক, থানার মোড় থেকে হিন্দু মন্দির, শাহপরীর দ্বীপের জিপ স্টেশন থেকে জিরো পয়েন্ট, পানবাজার থেকে কাস্টমস অফিস, বড় জামে মসজিদ থেকে জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, অলিয়াবাদ স্কুল মোড় থেকে কুলাল পাড়া মোড়, কুলাল পাড়া থেকে টেকনাফ ডিগ্রি কলেজ রোড, কুলাল পাড়া থেকে খানকার ডেইল, লামার বাজার থেকে কায়ুকখালিয়া খাল, লামার বাজার থেকে টেকনাফ সদর বিজিবির বিওপি পর্যন্ত রাস্তার পিচ উঠে গেছে এবং অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বাসস্টেশন থেকে কায়ুকখালিয়া পাড়া, উপজেলা পরিষদ থেকে উপজেলা আবাসিক এলাকা পর্যন্ত সিসি রাস্তার অবস্থাও শোচনীয়।স্থানীয় বাসিন্দারা জানান, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, এসব সড়কে পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি হলে দুর্ভোগের শেষ থাকে না। ছোট-বড় গর্তে পানি জমে। তখন বেশি জরুরি না হলে রাতে এলাকার লোকজন এসব সড়কে চলাফেরা করতে চায় না।ঢাকার মগবাজার থেকে বেড়াতে আসা পর্যটক রেজাউল করিম (৪৩) বলেন, ‘এখানে কোনো মেয়র-কাউন্সিলর নেই! তারা কী করে?’পৌর বার্মিজ মার্কেটের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী আবদুর রহমান বলেন, রাস্তার গর্তে যানবাহন আটকে পড়ে থাকায় যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ হচ্ছে।পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা নাছের উদ্দিন (৩২) বলেন, ‘প্রতিবছর হোল্ডিং কর ও পৌরকর পরিশোধ করে এলেও নাগরিক সুবিধা পাচ্ছি না। বর্ষাকালে এলাকার রাস্তাঘাটে নিরাপদে চলার নিশ্চয়তাটুকুও পৌরসভা দিতে পারছে না।’ তাঁর মতোই জালিয়াপাড়ার আমির আলী, আবুল ফয়েজ, এমদাদ হোসেন, আমির আহমদ, আবদুল মজিদ ক্ষোভ প্রকাশ করেন।পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ মনির প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসী বেশ কিছুদিন ধরে দুর্ভোগের কথা বলে আসছে। বেশি ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে পৌরসভার মেয়র ও প্রকৌশলীকে দেওয়া হয়েছে। অচিরেই এসব সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’পৌরসভার প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ‘আগামী সাধারণ সভায় একটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং শহর উন্নয়ন প্রকল্পের পদক্ষেপ নেওয়া হবে। পৌর তহবিলে ফান্ড না থাকায় এখনি উন্নয়নকাজে হাত দেওয়া যাচ্ছে না। এ বরাদ্দ পাওয়া গেলে সব রাস্তাঘাট ঠিক হয়ে যাবে।’পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার কিছুদিন পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাই এখনি রাস্তাগুলো মেরামত করা যাচ্ছে না।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এখানকার রাস্তাঘাটের যে অবস্থা, তাতে দেশি-বিদেশি পর্যটকেরা এ এলাকায় বেড়াতে আসার আগ্রহ হারিয়ে ফেলবেন। তিনি এ সমস্যা দূর করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।