কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
আগামী ২৫ মে টেকনাফ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, টেকনাফ পৌরসভায় ভোটারসংখ্যা ১৩ হাজার ৩১৪ জন। তার মধ্যে পুরুষ ৬ হাজার ৯৫৬ জন ও নারী ৬ হাজার ৩৫৮ জন।
নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইতে শুরু করেছেন। পৌরসভার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড দেখা যাচ্ছে। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন স্থানীয় ও অনলাইন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন।
দলীয় সূত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন সাংসদ আবদুর রহমান বদির চাচা বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।
সূত্র জানায়, পৌরসভা বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক দলীয় মনোনয়ন চাইতে পারেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ বলেন, দল থেকে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেওয়া হবে। তবে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি বলেন, নির্বাচন করার মতো পরিবেশ থাকলে প্রার্থী দেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, মেয়র পদে দলের মনোনয়নপ্রত্যাশী কয়েকজন নেতা ভোটারদের কাছে ছুটছেন। তবে দল থেকে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
মেয়র পদে দলের মনোনয়নপ্রত্যাশী নুরুল বশর বলেন, ‘এলাকার মানুষের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের কাছে ভোটও চাইছি। দল কাকে মনোনয়ন দেবে, সে জন্য প্রচারণা থেমে নেই।’
আরেক মনোনয়নপ্রত্যাশী জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘দল যদি মনোনয়ন দেয়, তা হলে নির্বাচন করব।’
বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, ‘সাংসদের চাচা ও আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক বরাবরে নেতা-কর্মীরা একটি ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন।’