টেকনাফে সরকারি জমি দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারে সরকারি জমি দখল করে আওয়ামী লীগের এক নেতা দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান নির্মাণকারী জাহেদ হোসেন ওরফে কালা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাজার পরিচালনা কমিটির সভাপতি কাদের হোসেনের বড় ভাই। জাহেদ দোকান নির্মাণের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দুই বছর আগে স্থানীয় আবদুল মাজেদের কাছ থেকে দোকানের দখল স্বত্ব কিনেছিলাম। সে অনুযায়ী দোকানঘর তৈরি করছি।’নয়াপাড়া বাজারে সরেজমিনে দেখা যায়, বাজারে ২০-২৫ ফুট লম্বা টিনের দুটি শেড থাকলেও চার পাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। মাছ বাজারের উত্তর পাশে দীর্ঘদিন ধরে আবদুল মজিদ নামের একজন মাংস বিক্রি করছিলেন। এর পাশে কয়েক মাস আগে মিয়া হোসেন নামের এক ব্যক্তি ছোট পানের দোকান বসাতে চাইলে বাজার পরিচালনা কমিটি বাধা দেয়। ১৪ জুন জাহেদ ওই স্থানটি দখলে নিয়ে লোকজনের চলাচলের রাস্তা বন্ধ করে দেন এবং চারজন শ্রমিক নিয়োগ করে পাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ ব্যাপারে ১৯ জুন বাজারের সাধারণ ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেছেন। বাজারের ব্যবসায়ীরা বলেন, জাহেদ বাজার পরিচালনা কমিটির সভাপতির বড় ভাই ও আওয়ামী লীগের নেতা হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করছে না।টেকনাফ ভূমি দপ্তর সূত্র জানায়, বাজারের জমি এক নম্বর খাসখতিয়ানভুক্ত হওয়ায় সরকার প্রতি বছর বাজার ইজারা দিয়ে লাখ লাখ টাকা রাজস্ব পাচ্ছে। অবৈধভাবে বাজারের শেড ও রাস্তা দখল করে দোকান নির্মাণ বেআইনি।নয়াবাজার কমিটির সভাপতি কাদের হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহা প্রথম আলোকে বলেন, নয়াপাড়া বাজারে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়ার পর ইউনিয়ন তফসিলদার হেলাল উদ্দিনকে সেখানে পাঠানো হয়েছিল। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জাহেদ হোসেনের দখল উচ্ছেদ করতে ইউএনওর কাছে সুপারিশ করা হয়েছে। ইউএনও আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যে নয়াপাড়া বাজারে গিয়ে দখল উচ্ছেদ করা হবে। এদিকে উপজেলা আওয়ামী লীগের পদধারী প্রভাবশালী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নয়াপাড়া বাজারে কয়েকজন লোক অবৈধভাবে জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। জাহেদ হোসেন এ ধরনের কাজে লিপ্ত থাকায় উপজেলা আওয়ামী লীগের আগামী বর্ধিত সভায় তাঁর বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হবে।