টেকনাফে সরিয়ে নেওয়া হলো ৬৩০ পরিবারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত ৬৩০ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে পরিবারগুলোকে সরিয়ে দেন। এদিকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত লোকজনকে অন্যত্র সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সূত্র জানায়, চার দিন ধরে টেকনাফে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী বলেন, ৬৩০টি পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, টানা চার দিনের ভারী বৃষ্টিপাতের কারণে ফকিরামোরা, ধুমপেরাংঘোনা, গিলাতলি, বৈদ্যর-ঘোনা, নাজিরঘোনা, শিয়াইল্যারঘোনা, উরুমেরছড়া, পল্লানপাড়া, নাইট্যং-পাড়া, কেরুনতলি, বরুইতলি, জাহালিয়াপাড়া, রোজারঘোনা, রঙ্গিখালী, উলুচামারী, লেচুয়াপ্রাং, পানখালী, সিকদারপাড়া, রোজার-ঘোনা, মিনাবাজার, রক্ষ্যইম, আমতলিসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পাহাড়ে অবস্থানরত বাকি পরিবারগুলোকে অন্যত্র সরে যেতে মাইকিং করা হচ্ছে।