টেকনাফে সহিংসতা, তিনজন গুলিবিদ্ধ
কক্সবাজারে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া পাঁচ ব্যক্তি আহত হয়েছে। গত রোববার রাতে সাবরাং বাজারে এ সংঘর্ষ হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী সাব্বির আহমদের সঙ্গে গত রোববার রাতে পরাজিত প্রার্থী আলী আহমদের সমর্থক মো. ইদ্রিসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে সাব্বিরের সমর্থকেরা ওই বাজারে পরাজিত প্রার্থীর অপর সমর্থক মকতুল আহমদের চায়ের দোকানে ভাঙচুর চালান। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পরাজিত প্রার্থীর ছেলে তোফায়েল আহমদ, তাঁর সমর্থক কালা মিয়া ও হারুন রশিদ। তাঁদের প্রথমে টেকনাফ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।আহত অন্য ব্যক্তিরা হলেন মোহাম্মদ শাকের, গফুর আহমদ, নাজির হোসেন, হামিদ হোসেন ও আবুল হোসেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুলিবিদ্ধ তোফায়েল প্রথম আলোকে জানান, ‘সাব্বির সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপর এ হামলা চালান।’ সাব্বির বলেন, এলাকার লোকজনের সঙ্গে তিনি কুশল বিনিময় করছিলেন। একপর্যায়ে পরাজিত প্রার্থীর সমর্থক মো. ইদ্রিস তাঁর ওপর হামলা চালান। টেকনাফ থানার ওসি আবুল হাশেম গতকাল রাতে জানান, আবারও দুই পক্ষ সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রাত আটটার দিকে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে।