কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি বেড়িবাঁধের সংস্কারকাজ স্থানীয় সাংসদের বাধার মুখে আটকে আছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারের অভিযোগ, সাংসদ আবদুর রহমানকে চাঁদা না দেওয়ায় তিনি কাজ করতে দিচ্ছেন না। তবে সাংসদ বলেছেন, বালু দিয়ে বাঁধ মেরামত শুরু করায় স্থানীয় লোকজন বাধা দেন। তখন ঠিকাদার কাজ না করে পালিয়ে যান।পাউবো সূত্রে জানা যায়, শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ায় বেড়িবাঁধের ৬৬০ মিটার ভাঙা অংশ মেরামত এবং বাঁধের একপাশে সিসি ব্লক বসানোর জন্য চলতি বছর দরপত্র আহ্বান করা হয়। চার কোটি ৭৫ লাখ টাকায় কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনাল’। ৩০ জুন কাজ শেষ করার শেষ সময়। কিন্তু এখন পর্যন্ত ঠিকাদার কাজই শুরু করেননি। ফলে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে শাহপরীর দ্বীপের ১০টি গ্রামের কয়েক শ ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। ঝড়-জলোচ্ছ্বাসে প্রাণহানির আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে প্রায় ৫০ হাজার মানুষ।মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম বলেন, ‘কার্যাদেশ পাওয়ার পরপরই প্রকল্প এলাকায় নির্মাণসামগ্রী মজুদ করা হয়। শতাধিক শ্রমিক নিয়োগ করে কাজও শুরু করা হয়।’ঠিকাদার আতিকুল ইসলাম অভিযোগ করেন, ‘কাজ শুরুর তিন দিন পর সাংসদ আবদুর রহমানের লোকজন মোটা অঙ্কের চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয় এবং প্রকল্প এলাকা থেকে শ্রমিকদের তাড়িয়ে দেয়। এর পর সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়ে দেন, চাঁদা না দিলে তাঁর এলাকায় কাজ করতে দেওয়া হবে না।’আতিকুল ইসলাম বলেন, সাংসদের চাঁদা দাবির বিষয়টি লিখিতভাবে গত ২২ মে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে তিনি জানিয়েছেন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় তিনি কাজ শুরু করতে পারছেন না।এ বিষয়ে জানতে চাইলে সাংসদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদার আতিকুল ইসলাম ২০১০ সালে এখানে চার কোটি ৪০ লাখ টাকার কাজ করেছিলেন। কিন্তু বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় সেটি স্থায়ী হয়নি, যা এখন সামুদ্রিক জলোচ্ছ্বাসে বিলীন হচ্ছে। গত এপ্রিল মাসে একই প্রতিষ্ঠানকে আবার চার কোটি ৭৫ লাখ টাকার কাজ দেওয়া হয়। কিন্তু শুরুতে বালু দিয়ে বাঁধ নির্মাণ শুরু করলে স্থানীয় লোকজন প্রতিবাদ জানায়। এরপর ঠিকাদার কাজ না করে পালিয়ে যান।’আবদুর রহমান আরও বলেন, ‘এখন বর্ষায় সাগর উত্তাল। নতুন করে কাজ শুরু করলে টিকিয়ে রাখা যাবে না। তাই কাজ বন্ধ রেখে শুষ্ক মৌসুমে কাজ করতে বলেছি। এতে অসন্তুষ্ট হয়ে ঠিকাদার আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে।’১৭ জুন বিকেলে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ শাহপরীর দ্বীপের ওই ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে যান। এ সময় এলাকাবাসী তাঁদের দুর্ভোগের কথা জানান। এরপর ঘটনাস্থলে হাজির হন সাংসদ আবদুর রহমান, ঠিকাদার আতিকুল ইসলাম, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসকের সামনে সাংসদ আবদুর রহমান ঠিকাদার আতিকুল ইসলামকে জিজ্ঞাসা করেন, ‘বিভিন্ন জায়গায় বলাবলি করছেন, চাঁদার জন্য নাকি আমি এই বাঁধের কাজ করতে দিচ্ছি না। আমি চাঁদা চেয়েছি কি না, ডিসি সাহেবকে একটু বলুন?’উত্তরে ঠিকাদার আতিকুল ইসলাম বলেন, ‘হ্যাঁ, চাঁদা দিচ্ছি না বলে আপনি কাজ করতে দিচ্ছেন না। বিষয়টি আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে আগেই লিখিতভাবে জানিয়েছি।’এরপর জেলা প্রশাসক সবাইকে নিয়ে বেড়িবাঁধ এলাকা থেকে ফিরে টেকনাফ সদরের পাউবোর অতিথিশালায় বৈঠকে বসেন। কিন্তু সাংসদ ও ঠিকাদারের উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণে বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়।এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এলাকার মানুষের দুর্ভোগের কথা ভেবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যর্থ হয়েছি।’