কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত এক সপ্তাহে এ দুটি রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত চার শিশুর মৃত্যু হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের বেশির ভাগই শিশু।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় নিউমোনিয়ায় আক্রান্ত চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার মৃত আবদুল হামিদের মেয়ে ফাতেমা বেগম (৩ মাস), কুতুবদিয়াপাড়ার মৃত আমির হোসেনের ছেলে ইকবাল হোসেন (৮ মাস), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের মেয়ে তসলিমা (৭ মাস) ও শাহপরীর দ্বীপের উত্তরপাড়ার আবদুস শুক্কুরের মেয়ে রুবী আকতার (৫ মাস)। হাসপাতালে নেওয়ার পথে এদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিব উল্লাহ ও হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী চার শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রচণ্ড চাপ রয়েছে। নিউমোনিয়া সম্পর্কে এলাকার লোকজনের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।