টেকনাফে সাবেক পরিবেশ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগে গত বুধবার কক্সবাজারের টেকনাফ থেকে আমিনুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আমিনুল হক পরিবেশ অধিদপ্তরের সিডব্লিউবিএমপি প্রকল্পের টেকনাফ উদ্যান উন্নয়ন কর্মকর্তা হিসেবে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জানুয়ারি থেকে টেকনাফে পরিবেশ অধিদপ্তরের কোনো কার্যালয় ও প্রতিনিধি নেই। কিন্তু আমিনুল হক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে নোটিশ প্রদান করে নানা সুবিধা আদায় করেছেন। এর সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁকে গ্র্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান ভূঁইয়া বলেন, তাঁর কাছ থেকে কয়েকটি ভুয়া পরিবেশ ছাড়পত্র, ভুয়া নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, জমির খতিয়ানের স্ক্যান কপি, তিনটি মুঠোফোন, গ্রাম সংরক্ষণ দলের ফান্ড উত্তোলনের কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ পত্রাদি উদ্ধার করা হয়েছে। আমিনুল হক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, তিনি পরিস্থিতির শিকার হয়েছেন।