টেকনাফে সোলার বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শন সরকারি প্রতিনিধিদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার আলীখালীতে ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা প্রকল্প এলাকায় যান। ওই এলাকা পরিদর্শন শেষে তাঁরা উপজেলার সাবরাংয়ের অর্থনৈতিক অঞ্চলও পরিদর্শন করেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেছবাহ উল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ।

প্রকল্পটি বাস্তবায়ন করছে টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড।

জুলস পাওয়ার লিমিটেড ও টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোহের লতিফ খান প্রথম আলোকে বলেন, দক্ষিণ হ্নীলার আলীখালীতে ১১৬ একর জমিতে ২০ মেগাওয়াটের সোলার বিদ্যুৎকেন্দ্র করা হবে।  ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রেডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।