টেকনাফে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র আলী উল্লাহকে (৭) গলা কেটে হত্যা করা হয়েছে। সে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর ছেলে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল থেকে আলী উল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটার দিকে তাকে উপজেলার গোদারবিল গ্রামের নিজ বাড়ির বৈঠকখানার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ হত্যাকাণ্ডের খবরে হাজারো মানুষ মো. আবদুল্লাহর বাড়িতে ভিড় জমায়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নিতে চাইলে জনতা পুলিশকে বাধা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ আলী উল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য নিতে পারেনি।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জনতা মো. আবদুল্লাহর বাড়ির গৃহকর্মী সুমনকে (৩০) আটকে রেখেছে। সুমনের বাড়ি কুষ্টিয়ায় বলে জানা গেছে।আলী উল্লাহর লাশ উদ্ধারের পর তার বাবা-মা জ্ঞান হারান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি। টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিন্দু লাল বলেন, আলী উল্লাহ খুবই মেধাবী ছাত্র ছিল। তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই আলী উল্লাহ মারা গেছে। তাকে জবাই করে হত্যা করা হয়েছে।