টেকনাফে স্কুলছাত্রের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম হলো শাহ আলম (৯)। টেকনাফের উত্তর দমদমিয়া গ্রামের স্কুলছাত্র।পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্ক এলাকার পাহাড়ি ছড়ায় একটি শিশুর গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। তারা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন লাশটি উত্তর দমদমিয়া গ্রামের সুরত আলমের ছেলে প্রথম শ্রেণীর ছাত্র শাহ আলমের (৯) বলে শনাক্ত করে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পারিবারিক সূত্র জানায়, শাহ আলম গত মঙ্গলবার সন্ধ্যার পর নিখোঁজ হয়।এ ঘটনায় গতকাল সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেছেন। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।